স্প্যানিশ লা লিগায় দাপট অব্যাহত রেখে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান চার পয়েন্টে বাড়িয়েছে কাতালান জায়ান্টরা।
ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন রবার্ট লেভানডভস্কি, লামিনে ইয়ামাল ও মার্ক বার্নাল। শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বার্সার আক্রমণভাগের সামনে টিকতে পারেনি অবনমন অঞ্চলের কাছাকাছি থাকা মায়োর্কা।
প্রথমার্ধে মায়োর্কার জান ভার্গিলি কয়েক দফা বার্সা ডিফেন্ডার জুল কুন্দেকে সমস্যায় ফেললেও গোল আদায় করতে পারেনি সফরকারীরা। বরং ৩৪ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। মার্কাস র্যাশফোর্ডের ডান পায়ের শট প্রতিহত হওয়ার পর বলটি দানি ওলমোর গায়ে লেগে বক্সের ভেতর লেভানডভস্কির সামনে পড়ে, সেখান থেকে নয় গজ দূরত্বে জোরালো শটে জাল কাঁপান পোলিশ এই স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় বার্সেলোনা। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লামিনে ইয়ামাল। প্রায় ২৫ গজ দূর থেকে দারুণ এক শটে ডান কোণ লক্ষ্যভেদ করেন ১৮ বছর বয়সি এই উইঙ্গার। মায়োর্কার বিপক্ষে শেষ ছয় ম্যাচে এটি তার তৃতীয় গোল।
ম্যাচের শেষ দিকে দ্রুত পাল্টা আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন আরেক তরুণ মার্ক বার্নাল। বক্সে ঢুকে ডিফ্লেকশনের সহায়তায় বল জালে পাঠিয়ে ক্লাবের হয়ে নিজের প্রথম গোলের স্বাদ পান তিনি।
এই জয়ে ঘরের মাঠে চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার শতভাগ জয়ের ধারা অব্যাহত থাকল—এ নিয়ে টানা ১১টি হোম ম্যাচে জয় পেল হানসি ফ্লিকের দল। পাশাপাশি এটি তাদের ষষ্ঠ ক্লিন শিট।
বার্সেলোনার এই জয় শিরোপা লড়াইয়ে চাপ বাড়িয়ে দিল রিয়াল মাদ্রিদের ওপর, যারা রোববার ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে। লা লিগায় বার্সার পরবর্তী ম্যাচ ১৬ ফেব্রুয়ারি জিরোনার মাঠে, তবে তার আগে বৃহস্পতিবার কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা।
অন্যদিকে অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা মায়োর্কা নিজেদের পরবর্তী ম্যাচে ১৫ ফেব্রুয়ারি রিয়াল বেতিসকে আতিথ্য দেবে।
মন্তব্য করুন








