টানা পঞ্চম জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পারেনি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্টহামের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় আবারও থেমে গেল তাদের জয়ের ধারা। আর এর ফলে আরও দীর্ঘ হলো ভাইরাল ইউনাইটেড সমর্থক চুল কাটার অপেক্ষা—যে প্রতিজ্ঞা এরই মধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
দেড় বছরের বেশি সময় আগে মজা করে দেওয়া সেই প্রতিজ্ঞা এখন বাস্তবতার অংশ। ইউনাইটেড টানা পাঁচ ম্যাচ না জেতা পর্যন্ত চুল কাটবেন না—এমন ঘোষণার পর থেকে ফ্র্যাঙ্ক ইলেট নামের ওই সমর্থক আর সেলুনে যাননি। সাম্প্রতিক সময়ে দলটি ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ফুলহ্যাম ও টটেনহ্যামের বিপক্ষে জয় পাওয়ায় মনে হচ্ছিল তার অপেক্ষার অবসান হতে যাচ্ছে। কিন্তু ওয়েস্ট হামের মাঠে ড্র হওয়ায় আবারও পিছিয়ে গেল সেই দিন।
ম্যাচে শুরুটা ভালো ছিল না ইউনাইটেডের। প্রথমার্ধেই একাধিক সুযোগ তৈরি করে ওয়েস্টহ্যাম, গোলরক্ষক ল্যামেন্সকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলতে হয়। এরপর ধীরে ধীরে ব্রুনো ফার্নান্দেস ও মেইনুরা খেলায় প্রভাব ফেললেও গোলের দেখা পায়নি দলটি। দ্বিতীয়ার্ধে বদলি নামার পরও কাঙ্ক্ষিত ছন্দ ফেরেনি।
খেলার মাঝপথে ক্যাসেমিরোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, যা ইউনাইটেডের জন্য বড় ধাক্কা হয়ে আসে। এরপর কোচ মাইকেল ক্যারিক বেঞ্চ থেকে বেনজামিন শেশকো ও জশুয়া জির্কজেকে নামালেও আক্রমণে ধার বাড়েনি। ম্যাচের যোগ করা সময়ে শেশকো একটি গোল শোধ করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
এই ড্রয়ের ফলে লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকলেও টানা পাঁচ জয়ের স্বপ্ন ভেঙে গেছে ইউনাইটেডের। আর সেইসঙ্গে দীর্ঘ হচ্ছে সমর্থক ফ্র্যাঙ্ক ইলেটের ‘নাপিতের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট’।
সামাজিকমাধ্যমে এরই মধ্যে বিষয়টি নিয়ে হাস্যরসের ঝড় উঠেছে। অনেকের কাছে এটি এখন ইউনাইটেডের পারফরম্যান্সের প্রতীক হয়ে দাঁড়িয়েছে—দলের জয়ের ধারার সঙ্গে যেন সরাসরি যুক্ত হয়ে গেছে এক ভক্তের চুল কাটার দিন।
মন্তব্য করুন








