লিওনেল মেসির আগমন যে ইন্টার মায়ামির ইতিহাস বদলে দিয়েছে—তা এখন পরিসংখ্যানেও স্পষ্ট। আর্জেন্টাইন তারকার যোগদানের প্রায় তিন বছর পর মেজর লিগ সকারে (এমএলএস) সবচেয়ে মূল্যবান ক্লাবের তকমা পেয়েছে ইন্টার মায়ামি। আর্থিক মূল্যায়নে তারা পেছনে ফেলেছে লস অ্যাঞ্জেলেস এফসিকে।
বিশেষায়িত ক্রীড়া–অর্থনীতিবিষয়ক গণমাধ্যম স্পোর্টিকোর সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ মৌসুমের শুরুতে ইন্টার মায়ামির আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ১৪৫ কোটি মার্কিন ডলারে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস এফসির মূল্য ধরা হয়েছে ১৪০ কোটি ডলার।
২০২৫ সালে ইন্টার মায়ামির ক্লাবমূল্য বেড়েছে প্রায় ২২ শতাংশ, যা তাদের শীর্ষে ওঠার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। বিপরীতে লস অ্যাঞ্জেলেস এফসি গত বছরে মূল্যায়নে ৯ শতাংশ বৃদ্ধি পেলেও শীর্ষস্থান ধরে রাখতে পারেনি।
মাঠের সাফল্যের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নও ক্লাবটির আর্থিক উত্থানে বড় ভূমিকা রেখেছে। ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম নির্মাণকাজ চলতি বছরই শেষ হওয়ার কথা, যা ক্লাবটির বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
মূল্যায়নের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বাকি তিন ক্লাব হলো—লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (১১৭ কোটি ডলার), আটলান্টা ইউনাইটেড (১১৪ কোটি ডলার) এবং নিউইয়র্ক সিটি এফসি (১১২ কোটি ডলার)। এর মধ্যে নিউইয়র্ক সিটি এফসির নতুন স্টেডিয়াম ২০২৭ সালে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
এমএলএসের ৩০টি ক্লাবের মধ্যে কেবল এই পাঁচটিরই বাজারমূল্য ১০০ কোটির বেশি। লিগের গড় ক্লাবমূল্য বর্তমানে প্রায় ৭৬৭ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, মেসির উপস্থিতি শুধু ইন্টার মায়ামি নয়, পুরো লিগের বাণিজ্যিক সম্ভাবনাকেই নতুন উচ্চতায় নিয়ে গেছে।
সূত্র : স্পোর্টিকো
মন্তব্য করুন








