ব্রাজিলের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব সান্তোস আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও তার সন্তানদের জন্য নেইমার জুনিয়রের স্বাক্ষর করা বিশেষ জার্সি উপহার পাঠিয়েছে। ক্লাবটি এই উদ্যোগকে বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের ‘নাম্বার টেন’ ঐতিহ্যের বন্ধন হিসেবে উল্লেখ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সান্তোস জানায়, ১০ নম্বর জার্সি ফুটবল ইতিহাসে এক অবিচ্ছিন্ন উত্তরাধিকার—পেলে থেকে নেইমার, সেখান থেকে মেসি—এই ধারাবাহিকতা বিশ্বজুড়ে সমানভাবে সমাদৃত। পোস্টে মেসির প্রতি শুভেচ্ছা জানানো হয় এবং পরে সেটি নিজের সামাজিকমাধ্যমে শেয়ার করেন নেইমারও।
ক্লাবের প্রকাশিত ছবিতে মেসি ও তার সন্তানদের সান্তোসের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় নেইমার ও মেসির গড়ে ওঠা বন্ধুত্ব এখনো অটুট—এই উপহারের মধ্য দিয়ে সেই সম্পর্কেরই ইঙ্গিত মিলেছে। দুজন মিলে লুইস সুয়ারেজকে নিয়ে গড়েছিলেন বিখ্যাত ‘এমএসএন’ আক্রমণত্রয়ী, যা ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এক সময় আধিপত্য বিস্তার করেছিল।
গত বছর নেইমারের সান্তোসে ফেরার আগে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে তার সম্ভাব্য পুনর্মিলন নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। যদিও শেষ পর্যন্ত ব্রাজিলের ক্লাবেই ফেরেন এই ফরোয়ার্ড।
বর্তমানে হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। ক্লাব সূত্রের ইঙ্গিত, দ্রুত মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি এবং সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বের শেষ ম্যাচে ভেলো ক্লাবের বিপক্ষে তাকে দেখা যেতে পারে।
মন্তব্য করুন








