লিওনেল মেসির চোটের কারণে পুয়ের্তো রিকোয় ইন্টার মায়ামির নির্ধারিত প্রীতি ম্যাচ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মেসির বাম হ্যামস্ট্রিংয়ে মাংসপেশির টান পড়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি ইকুয়েডরে বার্সেলোনা এসসির বিপক্ষে প্রাক্মৌসুম ম্যাচে প্রথম একাদশে নামেন মেসি। তবে ৫৮তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি এবং বাকি সময় সাইডলাইনে বসে খেলা দেখেন। এই চোটের কারণে ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়ামে এলএএফসির বিপক্ষে মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বুধবার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, ‘ক্লাব, ম্যাচ আয়োজক ও পুয়ের্তো রিকোর সরকারের সঙ্গে সমন্বয় করে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভক্তরা সেরা অভিজ্ঞতা পান।’
জানানো হয়, ম্যাচটি বায়ামনের এস্তাদিও হুয়ান রামোন লৌব্রিয়েলে স্থানীয় সময় রাত ৮টায়ই অনুষ্ঠিত হবে এবং প্রতিপক্ষ থাকছে ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেনডিয়েন্তে দেল ভায়ে—তবে নতুন তারিখ ২৬ ফেব্রুয়ারি।
এর আগে ক্লাব জানায়, ১১ ফেব্রুয়ারি অনুশীলনে অংশ নেননি মেসি। চিকিৎসা পরীক্ষায় বাম হ্যামস্ট্রিংয়ে মাংসপেশির টান ধরা পড়েছে এবং তার মাঠে ফেরার সময় নির্ভর করবে শারীরিক অগ্রগতির ওপর।
মেসিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় বলেন, ‘ইকুয়েডরের শেষ ম্যাচে পেশিতে টান লেগেছিল, তাই আগেভাগেই মাঠ ছাড়তে হয়। সংগঠক ও ক্লাবের সঙ্গে আলোচনা করেই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। আশা করি পুনর্নির্ধারিত তারিখে দেখা হবে।’
উল্লেখ্য, ২০২৪ সালেও হংকংয়ে একটি প্রীতি ম্যাচে চোটের কারণে মেসি না খেলায় ভক্তদের অসন্তোষ তৈরি হয়েছিল এবং আয়োজক প্রতিষ্ঠান আংশিক অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দেয়। ইন্টার মায়ামি তখনও খেলোয়াড়ের স্বাস্থ্যের গুরুত্বকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিল।
সূত্র: ইএসপিএন
মন্তব্য করুন








