সারা দেশে চলছে নির্বাচনি আমেজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারের পাশাপাশি অংশ নিয়েছেন ক্রীড়াঙ্গনের বর্তমান ও সাবেক তারকারাও। যাদের বেশিরভাগই জীবনের প্রথম ভোট এটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজ এলাকা চট্টগ্রামের কাজীর দেউড়ির আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ভোট দিয়ে জানান, জীবনের প্রথম ভোট দিয়ে অনেক উচ্ছ্বসিত। পরে নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দেন।
তামিমের পাশাপাশি ক্রিকেটাঙ্গনের অন্যান্য তারকাও ভোটাধিকার প্রয়োগ করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। যেখানে নিজেদের কালিমাখা আঙুলের ছবি পোস্ট করে তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মাহমুদুল হাসান জয়, সাইফউদ্দিনরা আকবর আলীরা নতুন ও সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেছেন।
এ ছাড়া নারী ক্রিকেট দলের সদস্যরাও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। নীলফামারীতে ভোট দিয়ে পেসার মারুফা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে লিখেছেন, জীবনের প্রথম ভোট ডান (দেওয়া হয়েছে)। সাবেক অধিনায়ক রুমানা আহমেদ ভোট দিয়েছেন খুলনায়। ভোট দিয়ে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ফার্স্ট ভোট এভার।
ঘরে বসে নেই জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রাও। শেখ মোরসালিন ভোট দিতে নিজ জেলা ফরিদপুর যান। ফরিদপুর-৪ আসনের ভোটার হিসেবে তিনি আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে তিনি জানান, শান্ত ও উৎসবের আবহেই ভোট দিয়েছেন এবং পুরো প্রক্রিয়ায় খুব বেশি সময় লাগেনি।
ফরিদপুর-৩ আসনের ভোটার যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলামও এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেন। বর্তমানে এশিয়ান গেমস বাছাইপর্ব সামনে রেখে জাতীয় হকি দলের প্রস্তুতি চললেও খেলোয়াড় ও কোচদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে সাময়িক বিরতি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে এমনই অংশগ্রহণ ও অভিজ্ঞতার কথা জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখরা।
মন্তব্য করুন








