ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে নতুন চুক্তিতে সই করতে যাচ্ছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সব কিছু ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন ইতালিয়ান এই কোচ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ক্রীড়া ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন।
ইএসপিএন জানায় গত ডিসেম্বরেই চার বছরের নতুন চুক্তি নিয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছিলেন আনচেলত্তি ও সিবিএফ। নতুন চুক্তিতে আনচেলত্তির ব্যক্তিগত বেতন বাড়ানো হচ্ছে না। বর্তমানে তিনি বছরে প্রায় ১ কোটি ইউরো আয় করেন, যা ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ কোচ বেতন হিসেবে বিবেচিত। তবে তার সঙ্গে থাকা চারজন সহকারী কোচের বেতন সমন্বয় করা হবে বলে জানা গেছে।
মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণার আগেই চুক্তি নবায়নের আনুষ্ঠানিকতা শেষ হতে পারে। ব্রাজিল ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে।
৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিল দলের কোচ হিসেবে যোগ দেন। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত আট ম্যাচে চার জয়, দুই ড্র ও দুই হার পেয়েছে তার দল। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা এনে দেওয়াই তার প্রধান লক্ষ্য। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা; সর্বশেষ ২০১৪ সালে ঘরের মাঠে চতুর্থ স্থানই ছিল তাদের সেরা সাফল্য।
আসন্ন বিশ্বকাপের দল চূড়ান্ত করার কাজও এগিয়ে নিচ্ছেন আনচেলত্তি। সাম্প্রতিক এক মন্তব্যে তিনি জানান, ব্রাজিল দলে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই, তবে কয়েকটি পজিশনে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আগামী বিশ্বকাপে গ্রুপ ‘সি’–তে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে খেলবে ব্রাজিল। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। আনচেলত্তির নতুন চুক্তি ব্রাজিল ফুটবলে স্থিতিশীলতা আনার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন








