এলেনা রিবাকিনা আবারও প্রমাণ করলেন তিনি নারী টেনিসের শীর্ষে ফিরে এসেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কাকে ৬–৪, ৪–৬, ৬–৪ সেটে হারিয়ে নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন এই কাজাকিস্তান তারকা।
দারুন এই জয় রিবাকিনার জন্যও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, ২০২৩ সালের ফাইনালে সাবালেঙ্কার কাছে হারের বদলা নিলেন তিনি একই মঞ্চে। ২০২২ সালে উইম্বলডন জয়ের চার মৌসুম পর অস্ট্রেলিয়ায় শিরোপা তুলে নিয়ে ২৬ বছর বয়সী কাজাখ তারকা বিশ্ব র্যাঙ্কিংয়ে পাঁচ থেকে উঠে যাবেন তিন নম্বরে।
রিবাকিনার এই সাফল্য কাকতালীয় নয়। টপ-১০ প্রতিপক্ষের বিপক্ষে টানা ১০ ম্যাচ জিতেছেন তিনি, যার মধ্যে মেলবোর্নে ইগা সোয়াতেক, জেসিকা পেগুলা ও সাবালেঙ্কার বিপক্ষে জয় রয়েছে। বিশ্বের এক নম্বর খেলোয়াড়দের বিপক্ষে তার জয়ের হার ৬০ শতাংশ—ইতিহাসে সেরা।
ম্যাচ শেষে রিবাকিনা বলেন, এটি তার ক্যারিয়ারের বড় অর্জনগুলোর একটি। দর্শকদের সমর্থন ও দলের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
অন্যদিকে সাবালেঙ্কা সৌহার্দ্য বজায় রেখে প্রতিপক্ষকে অভিনন্দন জানান। ৩৫টি উইনার মারলেও শেষ পর্যন্ত এক ব্রেক পয়েন্ট ও শেষের একটি এসেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
এটি নারী টেনিসের অন্যতম উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার আরেক অধ্যায়। ১৫ বারের মুখোমুখিতে সাবালেঙ্কা এগিয়ে আছেন ৮–৭ ব্যবধানে—এই লড়াই যে সামনে আরও দেখা যাবে, তা বলাই যায়।
মন্তব্য করুন








