অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে হাতছানি ছিল জোকোভিচের সামনে ইতিহাস গড়ার। তবে উল্টো সেই ইতিহাস গড়লেন কার্লোস আলকারাজ। সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচকে চার সেটে হারিয়ে ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন স্প্যানিশ এই তরুণ তারকা। একই সঙ্গে সর্বকনিষ্ট হিসেবে টেনিসের চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের পূর্ণতা এনে নিজের নাম লেখালেন অনন্য এক কীর্তিতে।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রোববারের ফাইনালে প্রথম সেট হারিয়েও দারুণভাবে ঘুরে দাঁড়ান আলকারাজ। ২–৬, ৬–২, ৬–৩, ৭–৫ গেমে তিন ঘণ্টা দুই মিনিটের লড়াইয়ে জয় নিশ্চিত করেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়। শেষ পয়েন্টে জোকোভিচের একটি লম্বা ফোরহ্যান্ড কোর্টের বাইরে চলে গেলে উল্লাসে মেতে ওঠেন আলকারাজ।
এই জয়ের মধ্য দিয়ে মাত্র ২২ বছর ২৭২ দিন বয়সে সাতটি গ্র্যান্ড স্ল্যাম জিতে নতুন ইতিহাস গড়লেন আলকারাজ। এত অল্প বয়সে সাত মেজর জয়ের নজির এর আগে ছিল না। টেনিসের ‘বিগ থ্রি’—নোভাক জোকোভিচ, রজার ফেদেরার ও রাফায়েল নাদালের চেয়েও ২৩ বছর পূর্ণ হওয়ার আগেই বেশি শিরোপা জিতে আলোচনার কেন্দ্রে উঠে এলেন তিনি।
ফাইনালে আলকারাজের সামনে বসে খেলা উপভোগ করছিলেন তার শৈশবের আইডল রাফায়েল নাদালও। জয়ের পর নাদালের সঙ্গে একই তালিকায় নাম লেখানোয় আবেগাপ্লুত হয়ে পড়েন স্প্যানিশ তরুণ।
অন্যদিকে জোকোভিচের জন্য এটি ছিল দীর্ঘ প্রতীক্ষার আরেকটি ব্যর্থ সমাপ্তি। সর্বশেষ ৮৭৫ দিন আগে ইউএস ওপেনে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি। ফাইনালের শুরুতে দারুণ ছন্দে থাকা সার্বিয়ান প্রথম সেট জিতলেও পরের সেটগুলোতে ধীরে ধীরে গতি হারান।
সেমিফাইনালের কঠিন ম্যাচের পর ডান উরুতে ব্যান্ডেজ নিয়েই কোর্টে নামেন আলকারাজ। শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তিনি। দ্বিতীয় সেটে ব্রেক পয়েন্ট আদায় করে আত্মবিশ্বাস ফিরে পান, আর তৃতীয় সেটে এসে পুরোপুরি ছন্দে চলে যান।
মাঝে বৃষ্টির আশঙ্কা ও ঠান্ডা আবহাওয়া ম্যাচে বিঘ্ন ঘটালেও শেষ পর্যন্ত খেলা অব্যাহত থাকে। দর্শকভর্তি স্টেডিয়ামে উত্তেজনা চরমে ওঠে চতুর্থ সেটে, যখন জোকোভিচ সমতায় ফেরার সুযোগ পেয়েও একাধিক ব্রেক পয়েন্ট কাজে লাগাতে ব্যর্থ হন।
শেষ পর্যন্ত তরুণ শক্তির সামনে অভিজ্ঞতার দেয়াল ভেঙে পড়ে। অস্ট্রেলিয়ান ওপেনের এই জয়ে আলকারাজ শুধু আরেকটি শিরোপাই জেতেননি—টেনিস ইতিহাসে নিজের জায়গা আরও সুদৃঢ় করে নিলেন।
মন্তব্য করুন








