নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ সরকার। তবে একই সময়ে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য শুটিং দলকে সরকারি অনুমোদন দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বুধবার (২৮ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলের ভারত সফরের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করেছে। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতাটি ইনডোর ও সংরক্ষিত এলাকায় আয়োজন করা হবে, ফলে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি নেই বলেই মনে করা হচ্ছে। এ বিষয়ে যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম দেশের একটি গণমাধ্যমকে বলেন,
বাংলাদেশ দলে একজন খেলোয়াড় ও একজন কোচ। ছোট দল। তা ছাড়া স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে নিরাপত্তার কোনো সমস্যা হবে না। প্রতিযোগিতা হবে ইনডোরে এবং সংরক্ষিত এলাকায়। ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।
এই সফরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন শুটার রবিউল ইসলাম। তার ইভেন্ট অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। দলের কোচ হিসেবে থাকছেন শারমিন আক্তার।
নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিশেষ পাসপোর্ট থাকায় রবিউল ভিসা ছাড়াই সাত দিন ভারতে থাকতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিতে হবে। আগামী ৩১ জানুয়ারি তাদের দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের পর এটি হবে শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।
রবিউল জানান, প্রতিযোগিতার কারণে অস্ত্র ও গুলি বহন করতে হয়, যার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে যুব ও ক্রীড়াসচিব বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জিও দেয়। সেটি দেওয়া হয়েছে।’
মন্তব্য করুন








