লিবিয়ার উপকূলে একটি রাবারের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দুই শিশুসহ ৫৩ জন অবৈধ অভিবাসী নিখোঁজ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লিবিয়ার জুওয়ারা শহরের উত্তরে ৫৫ জন অভিবাসী বহনকারী নৌকাটি উল্টে যায়। লিবিয়ান কর্তৃপক্ষের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় মাত্র দুই নাইজেরিয়ান নারীকে উদ্ধার করা হয়। জাতিসংঘের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতিসংঘের এ মুখপাত্র জানান, একজন বেঁচে যাওয়া নারী ফিরে আসার পর জানিয়েছেন ওই নৌকাডুবির ঘটনায় তিনি স্বামীকে হারিয়েছেন। অন্যজন বলছেন যে, তিনি এই নৌকাডুবিতে তার দুই শিশুকে হারিয়েছেন।
বেঁচে যাওয়া ব্যক্তিদের বিবরণ অনুসারে, আফ্রিকান অভিবাসী এবং শরণার্থীদের বহনকারী নৌকাটি গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে লিবিয়ার আল-জাওইয়া থেকে ছেড়ে যায় এবং প্রায় ছয় ঘণ্টা পরে দুর্ঘটনার শিকার হয়।
আইওএম-এর তথ্য অনুসারে, শুধু জানুয়ারি মাসেই মধ্য-ভূমধ্যসাগরে একাধিক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৩৭৫ অভিবাসীর মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ধরনের শত শত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি বলে মনে করা হচ্ছে।
আইওএম-এর নিখোঁজ অভিবাসী প্রকল্প অনুসারে, ২০২৫ সালে মধ্য-ভূমধ্যসাগরে ১ হাজার ৩০০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ হয়েছেন।
এদিকে সর্বশেষ এ ঘটনার ফলে চলতি বছর এ পথে মৃত বা নিখোঁজ অভিবাসীর সংখ্যা কমপক্ষে ৪৮৪ জনে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন






