ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক নারী এবং তার শিশুসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ান সেনারা ইউক্রেনজুড়ে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৪৯ ড্রোন হামলা করেছে। খবর আলজাজিরা
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলীয় বোহোদুখিভ শহরের একটি আবাসিক এলাকায় রুশ হামলায় এক নারী ও তার ১০ বছর বয়সি ছেলে এবং উত্তর চেরনিহিভ অঞ্চলের ৭১ বছর বয়সি এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আঞ্চলিক গভর্নর ওলেহ কিপারের মতে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসায় আরও একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। কিপার বলেন, এলাকার একটি ভবনে চালানো হামলায় আবাসিক অবকাঠামো এবং গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা করে রুশরা যুদ্ধাপরাধ করছে।
গভর্নর ওলেক্সান্ডার হানজার মতে, দক্ষিণ-পূর্ব ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরীসহ কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।
তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে দেশটি ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।
হিম শীতল আবহাওয়ার মধ্যে রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইউক্রেনের হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রুশরা মূলত শীতকালীন অভিযান চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন








