সুদানের মধ্যাঞ্চলে একটি মসজিদে ড্রোন হামলায় দুই শিশু নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। দেশটির ডাক্তারদের একটি সংস্থা এ বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করে।
‘দ্যা সুদান ডক্টরস নেটওয়ার্ক’ জানিয়েছে, বুধবার ভোরে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই হামলা চালায়। আরএসএফ তিন বছর ধরে সুদানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত। বর্তমানে তারা দেশটির বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর কর্দোফান রাজ্যের শেখ আহমেদ আল-বাদাভি মসজিদে শিশুরা কোরআন অধ্যয়ন করছিল। তখন ওই ভবনে ড্রোন হামলা করা হয়। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। কোনো ধর্মের উপাসনালয়ে সামরিক হামলা গুরুতর অপরাধ বলে বিবেচনা করা হয়।
সুদানের চিকিৎসকরা বলেন, মসজিদের ভেতরে শিশুদের ওপর হামলা চালানো একটি গুরুতর অপরাধ। এ বিষয়ে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। আরএসএফ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বারবার এ ধরনের হামলা করে যাচ্ছে।
দ্যা সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, আরএসএফ-এর আগে খার্তুমের একটি গির্জা এবং এল-ফাশারের আরেকটি মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সামরিক হামলা করেছে। ধর্ম ও পবিত্র স্থানের প্রতি তারা কোনো শ্রদ্ধা পোষণ করে না। এ কারণে আরএসএফ বারবার এ ধরনের হামলা করে যাচ্ছে।
মন্তব্য করুন






