যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ভালোভাবে সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে উভয়পক্ষ আবারও বৈঠকে বসবে। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে তা নিয়ে তিনি কোনো কথা বলেননি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের এক সমাবেশে বলেন, ইরানের একজন অত্যন্ত উচ্চপদস্থ প্রতিনিধির সঙ্গে মার্কিন কর্মকর্তাদের ভালো আলোচনা হয়েছে। আমরা দেখব যে, এর মাধ্যমে কী ফলাফল আসে। তবে যে কোনো চুক্তির অধীনে ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা আগামী সপ্তাহের শুরুতে আবার দেখা করতে যাচ্ছি। ইরানিরা একটি চুক্তি করতে চায়। তাদের উচিত দ্রুত একটি চুক্তি করা । তারা তো জানে যদি তারা এটা না করে, তবে এর পরিণতি কী হবে। যদি তারা কোনো চুক্তি না করে, তাহলে এর পরিণতি হবে খুব ভয়াবহ। তাই আমরা দেখব কী হয়।
একজন মার্কিন কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন, এবার মার্কিন ও ইরানি কর্মকর্তারা সরাসরি বৈঠক করেননি। তবে ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে তাদের নিজ নিজ অবস্থান পরিষ্কার করেছেন ।
ট্রাম্প বারবার সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে সতর্ক করে দেওয়ার কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে।
শুক্রবার আমেরিকা তার সামরিক কার্যক্রম খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। ওমানে অনুষ্ঠিত ওই আলোচনায় মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান নৌবাহিনীর অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামরিক পোশাক পরে অংশ নিয়েছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ছিলেন প্রধান আলোচক।
শুক্রবারের আলোচনা খুব ইতিবাচক ছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, খুব ভালোভাবে বৈঠক শুরু হয়েছে। আলোচনা কীভাবে এগোবে, তা নির্ভর করবে দুই দেশ কী চায় তার ওপর ভিত্তি করে। বিভিন্ন বিষয় নিয়ে আবারও আলোচনা হবে।
মন্তব্য করুন








