মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার জন্য সৌদি আরবের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
আরব নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আদালত অনুরোধ করেছে যে খালি চোখে অথবা দুরবিন ব্যবহার করে যারা চাঁদ দেখেছেন, তারা যেন নিকটতম আদালতে রিপোর্ট করেন।
রমজানের চাঁদ দেখার পর সৌদির মুসলিমরা যেন তাদের সাক্ষ্য নথিভুক্ত করেন। এ ছাড়া সংশ্লিষ্ট আদালতে এ খবর পৌঁছাতে সহায়তার জন্য তারা যেন নিকটতম কেন্দ্রে যোগাযোগ করেন।
সৌদি আরবের সুপ্রিম কোর্টের আশা, চাঁদ দেখার ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা এই উদ্দেশ্যে তাদের অঞ্চলে গঠিত কমিটিতে যোগদান করবেন। এর ফলে (বিশ্বের) সব মুসলিম সম্প্রদায়ের লোক উপকৃত হবেন।
মঙ্গলবার শাবান মাসের ২৯তম দিন। এবার মঙ্গলবার রাতে চাঁদ দেখা গেলে, বুধবার থেকে রমজান শুরু হবে। যদি চাঁদ দেখা না যায়, তাহলে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
মন্তব্য করুন








