ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা।
বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করে।
আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি শামখানি বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে আপস করতে রাজি নয়। এটা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বিরোধ বাধতে পারে।
বুধবার ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আলি শামখানি এই বিবৃতি দেন। এ সময় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে উদ্ধৃত করে বলেছে, ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আলোচনা সম্ভব নয়।
গত সপ্তাহে ওমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে মধ্যস্থতামূলক আলোচনার পর তিনি এ মন্তব্য করেন। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে যে, তেহরান-ওয়াশিংটনের আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি।
ইরান চায় আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই হোক। অন্যদিকে আমেরিকা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক জোট নিয়েও আলোচনা করার জন্য চাপ দিচ্ছে।
ইরানের তেহরান থেকে রিপোর্ট করা আলজাজিরার আলি হাশেম বলেছেন, ইরানিরা বলছে আমরা পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত; কিন্তু আমরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কথা বলতে প্রস্তুত নই।
মন্তব্য করুন








