জানুয়ারিতে দেশব্যাপী বিক্ষোভের পর ইরানে গোপনে ছয় হাজার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল পাচার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়াশিংটন সরাসরি ইরানে স্টারলিংক সিস্টেম স্থানান্তরে সহায়তা করেছে। প্রতিবেদন অনুসারে, অর্থনৈতিক দুর্দশা এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে সৃষ্ট অস্থিরতার সময় ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ ঘোষণা করে। এরপর যুক্তরাষ্ট্র স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনালের এই চালান পাঠায়।
মার্কিন কর্মকর্তারা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে পররাষ্ট্র দপ্তর প্রায় ৭ হাজার স্টারলিংক টার্মিনাল কিনেছে। যার বেশিরভাগই কেনা হয় জানুয়ারিতে। ইরানের অভ্যন্তরে ইন্টারনেট-স্বাধীনতা এনে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল সরবরাহ সম্পর্কে অবগত ছিলেন। যদিও তিনি ব্যক্তিগতভাবে এই পরিকল্পনা অনুমোদন করেছেন কি না, তা স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
তেহরান ওয়াশিংটনকে বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। তবে আমেরিকা এ অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু ট্রাম্প প্রকাশ্যে ইরানিদের বিক্ষোভ চালিয়ে যেতে উৎসাহিত করেছেন।
মন্তব্য করুন








