ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের হুমকির ফলে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
শুক্রবার (৩০ জানুয়ারি) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এই প্রস্তাব দেন তিনি। খবর আলজাজিরার।
তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সহায়তা করার ভূমিকা পালনে প্রস্তুত আঙ্কারা। এই অঞ্চলে অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার ফলে সৃষ্ট ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে আলোচনা করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।
এদিকে একদিনের সফরে শুক্রবার সকালে তুরস্কের ইস্তাম্বুল পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ শেষে তাকে স্বাগত জানানোর কথা রয়েছে এরদোয়ানের।
এর আগে আরাঘচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আঞ্চলিক চ্যালেঞ্জের মধ্যে তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। ইস্তাম্বুলে পৌঁছানোর পর তিনি বলেন, ইরান ও তুরস্কের মধ্যে ‘ঘনিষ্ঠ পরামর্শ’ প্রয়োজন।
সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন আঞ্চলিক মহাপরিচালকসহ তুর্কি কর্মকর্তারা আরাঘচিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন। সফরকালে তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের ওপর আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এ সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
মন্তব্য করুন








