বিবিসির প্রখ্যাত সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। রোববার (২৫ জানুয়ারি) নয়াদিল্লির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর।
বিবিসি হিন্দিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক টালির মৃত্যুর বিষয়টি তাদের নিশ্চিত করেছেন সাবেক সহকর্মী সতীশ জ্যাকব।
কলকাতায় জন্মগ্রহণ করা মার্ক টালি ১৯৬৪ সালে বিবিসিতে চাকরি নেন। ১৯৬৫ সালে ভারতের দিল্লিতে দায়িত্ব নিয়ে আসেন। তিনি বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মূলত খবর সংগ্রহ করেছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে তিনি একাত্তরের এপ্রিলের শেষ সপ্তাহে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন বলে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে।
সেই প্রথম এবং শেষ বারের মতো পাকিস্তানি সরকার দুজন সাংবাদিককে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল।
মার্ক টালি বলছিলেন, ১৯৭১ সালের সেই সফরে তিনি ঢাকা থেকে সড়কপথে রাজশাহী গিয়েছিলেন।
বিবিসি বাংলাকে টালি বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনী যখন সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছাল এবং তারা মনে করল যে পরিস্থিতির ওপর তাদের নিয়ন্ত্রণ আছে, তখনই তারা আমাদের আসার অনুমতি দিয়েছিল। আমার সঙ্গে তখন ছিলেন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধবিষয়ক সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ।’
‘আমরা যেহেতু স্বাধীনভাবে ঘুরে বেড়িয়ে পরিস্থিতি দেখার সুযোগ পেয়েছি, সে জন্য আমাদের সংবাদের বিশেষ গুরুত্ব ছিল। আমরা বুঝতে পেরেছিলাম, ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে। আমি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে সড়কের দুপাশে দেখেছিলাম যে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে।’
একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দিয়েছে বাংলাদেশ।
বিবিসি থেকে অবসরে যাওয়ার পরে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন তিনি।
মন্তব্য করুন








