গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের সিকিম ও দার্জিলিং অঞ্চল। কম্পনের রেশ অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল ছাড়াও বাংলাদেশের কয়েকটি জেলায়। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিম রাজ্যের ভেতরেই। ফলে সেখানে কম্পনের তীব্রতা ছিল তুলনামূলকভাবে বেশি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩৯ মিনিট থেকে ২টা ৩ মিনিটের মধ্যে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হানে। প্রথম ও সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। যার উৎপত্তিস্থল ছিল সিকিমের গেয়ালশিং এলাকায় ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। পরবর্তী দুটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৫ ও ২ দশমিক ২।
এই ভূমিকম্পে সিকিমের গ্যাংটক, লাচেন, পেলিং, মঙ্গন ও পাকইয়ংসহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও মিরিকও কেঁপে ওঠে। সমতলের দিকে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের বিভিন্ন অংশে মৃদু কম্পন টের পাওয়া গেছে।
ভূমিকম্পের প্রভাব ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও পৌঁছায়। রংপুর, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী ও নওগাঁসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় গভীর রাতে হালকা কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া নেপালের কিছু অংশেও ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ে।
যদিও ভূমিকম্পগুলো স্বল্প সময়ের জন্য স্থায়ী ছিল এবং এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবু মধ্যরাতে একাধিক কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকেই ঘুম ভেঙে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
মন্তব্য করুন








