টানা একাধিক চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। অভিযোগ অনুযায়ী যিনি গত ১৫ বছর ধরে শুধু পুলিশ সদস্যদের বাড়িকেই নিশানা বানিয়ে করছিলেন চুরি। পুলিশ বলছে, ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিনি এ পথ বেছে নেন।
মধ্যপ্রদেশের খণ্ডওয়া জেলার পুলিশ জানায়, আলিরাজপুরের বাসিন্দা দীপেশকে সাম্প্রতিক এক চুরির ঘটনার গ্রেপ্তার করা হয়। গত ২০ জানুয়ারি খণ্ডওয়ার পুলিশ লাইনে কনস্টেবল করণপাল সিং ও সুরেশ খাটের বাড়িতে চুরি হয়। কয়েক লাখ টাকার গয়না ও নগদ অর্থ চুরি যাওয়ার অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। পরে তার কাছ থেকে ৩০ হাজার রুপি ও কিছু গয়না উদ্ধার করা হয়।
তদন্তের অংশ হিসেবে ঝাবুয়া, আলিরাজপুর ও ধার জেলায় অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ধরা এড়াতে অভিযুক্ত ঘন ঘন জায়গা পরিবর্তন করছিলেন তিনি। প্রযুক্তিগত নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি বুরহানপুরের দিকে যাচ্ছেন। তাকে আটক করতে গেলে তিনি একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এতে তার হাত ও পায়ে চোট লাগে। চিকিৎসার পর তাকে খণ্ডওয়ার আদালতে তোলা হলে বিচারিক হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
খণ্ডওয়ার অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র তারনেকর এই গ্রেপ্তারকে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আরও কয়েকটি চুরির কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। স্টেশন হাউস অফিসার প্রবীন আর্যা জানান, প্রায় ১৫ বছর আগে আলিরাজপুরে এক পুলিশ সদস্যের হাতে মারধরের শিকার হওয়ার পর থেকেই তিনি প্রতিশোধ নিতে পুলিশ কর্মীদের বাড়ি টার্গেট করতেন।
তদন্তকারীরা আরও জানিয়েছেন, অভিযুক্ত চুরির আগে ফেরিওয়ালার ছদ্মবেশে পুলিশ লাইনের আশপাশে ঘোরাফেরা করে বাড়িগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করতেন। এরপর রাতে সুযোগ বুঝে চুরি করতেন। এই ঘটনায় রমেশ ও ভুরালিয়া নামে দুই সহযোগীর খোঁজে তল্লাশি চলছে।
পুলিশের দাবি, বিভিন্ন জেলায় অন্তত ১৬টি চুরির সঙ্গে তার যোগ থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি’র প্রতিবেদন।
মন্তব্য করুন








