বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ১৭ ফেব্রুয়ারি। নতুন প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন বলে জানা গেছে। এতে অংশ নিতে প্রতিবেশী ভারতকেও আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
তবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পক্ষ থেকে কে কে উপস্থিত থাকবেন তা জানিয়েছে নয়াদিল্লি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে অংশ নেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে যোগ দিতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিড়লার অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের গভীর এবং স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। বিবৃতিতে বলা হয়, ‘অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধায় আবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানায়, যার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে।’
বাংলাদেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর পর এই অগ্রগতি ঘটে। বিএনপি জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে অঞ্চলের আরও কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
সূত্র: ইন্ডিয়া টিভি
মন্তব্য করুন








