ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এনডিটিভির সঙ্গে কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের বিষয়টিকে অগ্রাধিকার ও গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান। এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই।
এনডিটিভি ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, ভারত আমাদের প্রতিবেশী। দেশটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
সংখ্যালঘু ইস্যুতে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন, আমাদের দেশের সবাই প্রথম শ্রেণির নাগরিক। আমাদের মধ্যে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়। বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান।
এনডিটিভিকে তিনি আরও বলেন, ভারত সফরের ক্ষেত্রে কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচনের পরে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। এ ঘটনার প্রায় ১৮ মাস পর আজ নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গুরুত্বপূর্ণ দল। ন্যাশনাল সিটিজেন পার্টি এবং অন্যদের সঙ্গে জোট গঠন করে তারা ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলার কথা জানিয়েছে। এবার দলটি খুলনা শহর থেকে একজন হিন্দু প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে। এ ছাড়া সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার কথা জানিয়েছে।
মন্তব্য করুন








