বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিজয়ী হয়েছে বিএনপি। বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন কলের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
নরেন্দ্র মোদি লেখেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই।’
তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ ও ভারত দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
মন্তব্য করুন








