শাবান মাসের চাঁদের সন্ধানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আজ রোববার বৈঠকে বসবে। আজ চাঁদ দেখা না গেলে মধ্যপ্রাচ্যে ৩ ফেব্রুয়ারি পালিত হবে শবেবরাত।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাতে সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কোথাও আজ শাবানের অর্ধচন্দ্রের দেখা মেলার সম্ভাবনা নেই। সোমবার ৩০ দিনে পূর্ণ হবে রজব মাস। আগামী মঙ্গলবার শুরু হবে শাবান মাস। শাবানের পরই রমজান শুরু।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ জানান, আজ খালি চোখে শাবানের চাঁদ দেখার সম্ভাবনা নেই। শাবানের চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের আগে অস্ত যাবে এটি। কাল সোমবার খালি চোখেই চাঁদ দেখা যাবে।
বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া, আলবেনিয়াতে কাল সোমবার টেলিস্কোপের মাধ্যমে শাবানের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
ইসলামের বিধান অনুযায়ী, শবেবরাত পালিত হয় ১৫ শাবানের রাতে। আজ চাঁদ দেখা না গেলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হয়ে মধ্যপ্রাচ্যে শবেবরাত হবে ৩ ফেব্রুয়ারি। এদিকে বাংলাদেশে যদি কাল সোমবার শাবানের চাঁদ দেখা যায়, তাহলে শবেবরাত হবে ৩ ফেব্রুয়ারি। অন্যথায় শবেবরাত হবে ৪ ফেব্রুয়ারি।
সূত্র : গালফ টুডে
মন্তব্য করুন








