পবিত্র রমজান মাসে বেসরকারি খাতের কর্মীদের জন্য কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই ঘোষণা দিয়েছে মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় (মোহরে)। খবর খালিজ টাইমস।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতের কোম্পানিগুলো ব্যবসায়িক প্রয়োজন ও কাজের ধরনের সঙ্গে মিলিয়ে পবিত্র রজমান মাসে নির্দিষ্ট দৈনিক কর্মঘণ্টার মধ্যে নমনীয় (ফ্লেসিবল) বা দূরবর্তী (রিমোট) কার্মপদ্ধতি চালু করতে পারবে।
সংযুক্ত আরব আমিরাতের কর্মীরা সাধারণত দিনে ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করেন। রমজান মাসে দৈনিক কর্মঘণ্টা দুই ঘণ্টা কমানো হয়েছে। এই কর্মঘণ্টার বাইরে যে কোনো কর্মঘণ্টা ওভারটাইম হিসেবে গণ্য হবে। এ জন্য কর্মীরা আলাদা অর্থ পাবেন।
এদিকে সরকারি কর্মচারীদের কর্মঘণ্টা কমানো হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কর্মঘণ্টা সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে। আর শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। তবে যেসব কাজের ধরন ভিন্ন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে।
সংযুক্ত আরব আমিরাত সরকারের এই উদ্যোগের ফলে কর্মীরা পরিবার, স্বজন ও ইবাদতের জন্য আরও বেশি সময় পাবেন। যদিও কাজ শেষ করতে দুই ঘণ্টা কম সময় পাবেন তারা।
মানব সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, রমজান মাসটি কর্মীদের সময় ব্যবস্থাপনায় আরও সচেতন করে। যদিও প্রথম কয়েক দিন কিছুটা কষ্টকর হতে পারে, তবে কম কর্মঘণ্টা কর্মীদের আরও মনোযোগী, দক্ষ ও উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করতে সহায়তা করে।
মন্তব্য করুন








