ইরানের চলমান সহিংস বিক্ষোভে নিহত বেড়ে পাঁচ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রায় ৫০০ নিরাপত্তা কর্মী রয়েছে। রোববার (১৮ জানুয়ারি) এক ইরানি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এই জনবিশৃঙ্খলা ও হতাহতের ঘটনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ দেশটিতে বিক্ষোভে কমপক্ষে পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫০০ নিরাপত্তাকর্মী। ‘নিরপরাধ ইরানিদের’ হত্যার জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেছে দেশটির সরকার।
ওই কর্মকর্তা বলেন, উত্তর-পশ্চিম ইরানের কুর্দিশ এলাকায় সবচেয়ে বেশি সংঘর্ষ এবং ঘটনা ঘটেছে। এই অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। অতীতের অস্থিরতার মধ্যে সবচেয়ে সহিংস ঘটনা এবারই ঘটল।
তিনি আরও বলেন, বিক্ষোভে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ‘ইসরায়েল ও বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলো’ রাস্তায় নেমে আসা লোকজনকে সমর্থন দিয়ে উসকে দিয়েছে।
ইরানের অভ্যন্তরে অস্থিরতার জন্য দেশটির সরকার প্রতিনিয়ত বিদেশি শত্রুদের ওপর দায় চাপিয়ে আসছে। এই শত্রু তালিকার শীর্ষে রয়েছে ইসরায়েল। দখলদার দেশটিকে ইসলামী প্রজাতন্ত্রের প্রধান শত্রু হিসেবে গণ্য করে তেহরান। গত বছরের জুনে ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে হামলা চালায়।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইআরএএনএ শনিবার জানায়, ইরান সরকারের বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা তিন হাজার ৩০৮ জনে পৌঁছেছে। তারা আরও চার হাজার ৩৮২টি মামলা পর্যালোচনা করছেন। বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের বিরুদ্ধে ২৪ হাজারের বেশি নাগরিককে গ্রেপ্তারে অভিযোগ তুলে সংস্থাটি।
নরওয়েতে অবস্থিত ইরানি কুর্দি অধিকার গোষ্ঠী হেনগাও জানিয়েছে, গত বছর ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া বিক্ষোভের সময় সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিমের কুর্দি এলাকাগুলোতে।
এদিকে ইরানের চলমান সহিংস বিক্ষোভের জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইরানি জাতির ওপর যে প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে, তার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একজন অপরাধী হিসেবে বিবেচনা করি।
খামেনি আরও বলেছেন, সম্প্রতি দেশজুড়ে চলা এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইরানের সবচেয়ে ভয়াবহ অস্থিরতা। তিনি এই সহিংসতার জন্য ইরানের দীর্ঘদিনের শত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন।
মন্তব্য করুন








