দুই দিনের ব্যবধানে পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের ১২টি শহরে হামলা ও পাল্টা অভিযানে অন্তত ১৩৩ সন্ত্রাসী নিহত হয়েছে। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। শুধু শনিবারে (৩১ জানুয়ারি) নিহত সন্ত্রাসীর সংখ্যা ৯২ জন। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
এদিন পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশে একাধিক আত্মঘাতী ও বন্দুক হামলায় ৩৩ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৮ জন বেসামরিক নাগরিক, ১৫ জন নিরাপত্তা কর্মী এবং ৯২ জন বিদ্রোহী অন্তর্ভুক্ত। খবর দ্য গার্ডিয়ানের।
সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার পর নিরাপত্তা বাহিনী ৯২ জন হামলাকারীকে হত্যা করেছে। বিশ্লেষকরা এটিকে সন্ত্রাসীদের জন্য সবচেয়ে মারাত্মক একক দিন হিসেবে বর্ণনা করেছেন।
এই হামলায় বেলুচ বিদ্রোহীরা বেসামরিক নাগরিক, একটি উচ্চ নিরাপত্তা কারাগার, পুলিশ স্টেশন ও আধা-সামরিক বাহিনীর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা ব্যাংক লুট, পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া এবং যানবাহন ধ্বংস করেছে।
বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে এবং ভিডিও প্রকাশ করেছে, যাতে নারী যোদ্ধাদের অংশগ্রহণও দেখা যায়।
পাকিস্তান সরকার দাবি করছে যে, হামলাকারীদের ভারতের সমর্থন ছিল। যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছে।
গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে ১৩৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে ৯২ জন শনিবার নিহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা রেললাইন ধ্বংস করে পাকিস্তান রেলওয়ে পরিষেবা বন্ধ করে দিয়েছে এবং গ্রেনেড হামলা চালিয়েছে।
পাকিস্তান বলছে, বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা ও পাকিস্তানি তালেবান (টিটিপি) আফগান মাটিতে আশ্রয় পেয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। বেলুচিস্তান দীর্ঘদিন ধরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহের কেন্দ্রস্থল।
এদিকে জাতিসংঘ বলছে, আফগানিস্তান থেকে সন্ত্রাসী হুমকি ধীরে ধীরে বাড়ছে, আর এতে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে পাকিস্তানের ওপর। এই বিষয়ে চীন ও জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছেন বলে সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর আফগান সীমান্তে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যে, তারা কাবুলের ওপর চাপ সৃষ্টি করুক, যাতে পাকিস্তানকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বৈশ্বিক নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে।
মন্তব্য করুন








