মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যুক্ত হওয়ার পর আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। ফিলিস্তিন ইস্যুতে নীতিগত অবস্থান থেকে ‘চুল পরিমাণ নড়চড়’ হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। খবর জিও নিউজের।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে পাকিস্তানের অবস্থান নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা নাকচ করেন তিনি। বলেন, পাকিস্তান আব্রাহাম চুক্তিতে অংশ নেবে না।
তাহির আন্দ্রাবি পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিন প্রশ্নে ইসলামাবাদের অবস্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও আরব বিশ্বের কয়েকটি দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ২০২০ সালে স্বাক্ষরিত চুক্তির নাম আব্রাহাম অ্যাকর্ডস।
এ সময় তিনি ‘শান্তি বোর্ডে’ পাকিস্তানের অংশগ্রহণকে আব্রাহাম চুক্তির সঙ্গে যুক্ত করার প্রতিবেদনের কড়া সমালোচনা করেন। এসব দাবিকে তিনি ‘ভুল ধারণা’ বলে উল্লেখ করেন। আন্দ্রাবি বলেন, ‘শান্তি বোর্ডে যোগদানের সঙ্গে আব্রাহাম চুক্তির কোনো সম্পর্ক নেই। এটি ফিলিস্তিন প্রশ্নে পাকিস্তানের নীতিগত অবস্থান থেকে কোনো বিচ্যুতি নয়।’
তিনি জানান, ‘শান্তি বোর্ডে’ যোগ দেওয়ার সিদ্ধান্তটি সকল প্রাসঙ্গিক অংশীজনের সঙ্গে পরামর্শ করে এবং সব প্রক্রিয়াগত শর্ত পূরণের পর সম্মিলিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেছে। মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, পাকিস্তান একা নয়; শান্তি বোর্ডে আরও সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যোগ দিয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও কাতার।
এ সময় পাকিস্তান ভ্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভ্রমণ পরামর্শ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আন্দ্রাবি বলেন, এটি কোনো ‘ডাউনগ্রেড’ নয়, বরং একটি হালনাগাদ নির্দেশনা। তিনি জানান, নতুন ভ্রমণ পরামর্শে আগের কিছু নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাদ দেওয়া হয়েছে, ফলে মার্কিন নাগরিকদের জন্য পাকিস্তান ভ্রমণ এখন তুলনামূলকভাবে ‘সহজ’ হয়েছে।
আন্দ্রাবির ভাষায়, পাকিস্তান আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য একটি নিরাপদ ও উন্মুক্ত দেশ। পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। পাকিস্তান ও যুক্তরাষ্ট্র উভয় দেশের নাগরিকদের ভ্রমণ সুবিধা সহজ করতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
মন্তব্য করুন








