ইরানের নিরাপত্তাবিষয়ক প্রধান আলী লারিজানি বলেছেন, পারমাণবিক ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ করার চেষ্টা করছে ইসরায়েল। এর মাধ্যমে আরেকটি নতুন যুদ্ধের সূত্রপাত করতে চায় তারা। তবে এ ধরনের সংঘাত শুরু হলে তা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করে।
এর আগে বুধবার কাতারের দোহায় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকালে আলজাজিরা আরবিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনাকে ব্যর্থ করার জন্য ইসরায়েল নানা অজুহাত তৈরি করছে। দু’দেশ ঐকমত্যে পৌঁছাতে না পারায় তেহরান-ওয়াশিংটনের আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। এমন সময়ে ইসরায়েল বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের আলোচনা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে। ইসরায়েলের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে চায় না ইরান। তবুও তেহরান-ওয়াশিংটনের আলোচনাকে দুর্বল এবং ধ্বংস করার উদ্দেশ্যে বিভিন্নভাবে চেষ্টা করছে ইসরায়েলিরা।
আলী লারিজানি বলেন, ইসরায়েলের প্রধান কৌশল হচ্ছে এই অঞ্চলকে অস্থিতিশীল করা। তারা ইরান সম্পর্কে বিভিন্ন অপতথ্য প্রচার করে যাচ্ছে। কিন্তু তাদের খল চরিত্র প্রকাশিত হয়েছে হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে কাতারের রাজধানীতে হামলার পর।
তিনি আরও বলেন, ইসরায়েল কেবল ইরানের সঙ্গেই নয়, কাতার, সৌদি আরব এবং তুরস্কের সঙ্গেও জুয়া খেলছে। এ অঞ্চলের (মধ্যপ্রাচ্য) নেতাদের উচিত ইসরায়েলিদের বিষয়ে সচেতন হওয়া।
মন্তব্য করুন








