যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে বন্দুকধারীদের হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বন্দুক হামলার ঘটনায় ক্যাম্পাসজুড়ে লকডাউন জারি করেছে। সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৫ মিনিটে হিউজেইন স্যুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলি চালানো হয়। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এমনকি হামলাকারী কেউ এখনো পলাতক আছে কি না, সে বিষয়েও নিশ্চিত কিছু জানানো যায়নি।
বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো নিহতদের পরিচয় বা আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি।’
অরেঞ্জবার্গ শহরের দুটি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একটি সাইথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটিতে তিন হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। নদীতীরবর্তী এই বিশ্ববিদ্যালয় শহরটি অঙ্গরাজ্যের রাজধানী কলম্বিয়া থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। অন্য বিশ্ববিদ্যালয়টি হলো ক্লাফলিন বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জননিরাপত্তা দপ্তরের ফোনলাইনে দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য দেওয়ার এখতিয়ার তার নেই। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা গুলির ঘটনার তদন্তের জন্য সাউথ ক্যারোলিনা রাজ্য আইন প্রয়োগকারী বিভাগকে দায়িত্ব দিয়েছে এবং শুক্রবারের সব ক্লাস বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন








