নেত্রকোনার আটপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, উপজেলার উন্নয়ন ও মানুষের সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে আমাদের সমন্বয় আরো জোরদার করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আমরা একসঙ্গে কাজ করতে চাই।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল, উপজেলা প্রকৌশলী মুক্তাসিম বিল্লাহ, আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সান্তু, আটপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম সোহেল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক আনোয়ার।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।