পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ওমান। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্যোতির্বিদ্যার হিসাবের ভিত্তিতে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে।
ওমানে চাঁদ দেখার প্রধান কমিটি বুধবার (১১ ফেব্রুয়ারি) জানায়, আগামী ১৭ ফেব্রুয়ারি দেশটিতে শাবান মাসের ২৯তম দিন হবে। তবে ওইদিন আকাশে রমজানের চাঁদ দেখা যাবে না।
জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ওমানের সব অঞ্চলে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। অর্থাৎ সূর্যাস্তের পর চাঁদ দৃশ্যমান থাকবে না। তাই সেদিন চাঁদ দেখার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ কারণে ১৮ ফেব্রুয়ারি শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। এর পরদিন, অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে রমজান মাস।
চাঁদ দেখা কমিটি জানিয়েছে, নতুন চন্দ্র মাস শুরুর ঘোষণা দিতে ধর্মীয় বিধান ও বৈজ্ঞানিক বিশ্লেষণ, দুই দিকই বিবেচনায় নেওয়া হয়েছে। ওমান সাধারণত জ্যোতির্বিদ্যার তথ্যের ওপর গুরুত্ব দিয়ে আগেভাগেই সম্ভাব্য তারিখ জানিয়ে দেয়, যাতে নাগরিকরা প্রস্তুতি নিতে পারেন।
রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র মাস। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন এবং ইবাদত-বন্দেগিতে বেশি সময় দেন।
সূত্র: গালফ নিউজ
মন্তব্য করুন








