রান্নাঘরে পেঁয়াজ কাটতে গেলেই অনেকের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। পেঁয়াজ ঝাল না, কেবল একটি সাধারণ সবজি। তবু কয়েক মিনিটের মধ্যেই চোখ জ্বলা, পানি পড়া, এমনকি নাক দিয়েও পানি ঝরতে থাকে।
প্রশ্ন হলো, কেন এমন হয়? আর এর কোনো কার্যকর সমাধান কি আছে?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের Cornell University-এর গবেষকরা পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসার পেছনে নতুন একটি বৈজ্ঞানিক কারণ তুলে ধরেছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে Proceedings of the National Academy of Sciences জার্নালে। তাদের মতে, সঠিক ধরনের ছুরি ব্যবহার করলেই অনেকটা কমানো যেতে পারে এ সমস্যা।
পেঁয়াজ কাটার সময় এর কোষ ভেঙে যায়। তখন সালফারজাত কিছু যৌগ বের হয়ে আসে। এসব যৌগের মধ্যে সিন প্রোপানেথিয়াল এস অক্সাইড নামের একটি গ্যাস তৈরি হয়। এই গ্যাস বাতাসে ছড়িয়ে চোখে গেলে সমস্যার শুরু।
নিউরোসায়েন্স ও জ্ঞান-বিজ্ঞান বিশেষজ্ঞ অ্যালিসিয়া ওয়ালফ জানান, এটি আসলে আবেগজনিত কান্না নয়। বরং চোখের সুরক্ষামূলক প্রতিক্রিয়া। চোখ নিজেকে রক্ষা করতেই পানি ছাড়ে।
গ্যাসটি চোখের পানির সঙ্গে মিশে হালকা মাত্রার সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এতে চোখে জ্বালা ও অস্বস্তি হয়। তখন চোখ দ্রুত বেশি পরিমাণে পানি তৈরি করে ওই উত্তেজক পদার্থ ধুয়ে ফেলার চেষ্টা করে।
ধোঁয়া বা চোখে ধুলাবালি গেলে যেমন পানি পড়ে, এটিও তেমনই একটি প্রতিরক্ষামূলক প্রক্রিয়া।
২০২৫ সালের গবেষণায় আরও একটি বিষয় উঠে এসেছে। গবেষকদের মতে, পেঁয়াজ কাটার সময় কেবল গ্যাস নয়, ক্ষুদ্র তরল কণাও বাতাসে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ভোঁতা ছুরি দিয়ে কাটলে পেঁয়াজ বেশি চাপে পড়ে এবং ভেতরের রস ছিটকে ওপরে উঠে আসে। সেই কণাগুলো সহজেই চোখে পৌঁছাতে পারে।
গবেষণার সহলেখক সানিওয়ান জুং বলেন, ধারালো ছুরি ব্যবহার করলে পেঁয়াজের কোষ কম চাপে ভাঙে। ফলে কম পরিমাণে তরল কণা ছড়িয়ে পড়ে এবং চোখে পানি কম আসে।
সহজ ভাষায়, ছুরি যত ধারালো হবে, চোখের পানি তত কম।
না। সব পেঁয়াজে সমান পরিমাণ সালফার যৌগ থাকে না। সাধারণত পেঁয়াজের গোড়ার অংশে এসব উপাদান বেশি থাকে। এছাড়া কারও চোখ বেশি সংবেদনশীল হলে তার ক্ষেত্রে পানি বেশি আসতে পারে।
গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। পেঁয়াজে কখনো কখনো ই কোলাই বা সালমোনেলার মতো ব্যাকটেরিয়া থাকতে পারে। যদি ভোঁতা ছুরি ব্যবহার করা হয়, তাহলে ছিটকে পড়া কণার মাধ্যমে এসব জীবাণু রান্নাঘরে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পেঁয়াজ–সম্পর্কিত একটি বড় ই কোলাই প্রাদুর্ভাবের ঘটনায় ৩৪ জন হাসপাতালে ভর্তি হন এবং একজনের মৃত্যু হয় বলে Centers for Disease Control and Prevention জানিয়েছিল।
তাই বিষয়টি কেবল চোখের জ্বালা নয়, খাদ্য নিরাপত্তার সঙ্গেও জড়িত।
সবচেয়ে কার্যকর উপায় হলো ধারালো ছুরি ব্যবহার করা। নিয়মিত ছুরি শান দিন। এতে পেঁয়াজ কম চাপ খাবে এবং কম কণা ছড়াবে।
গবেষকরা পেঁয়াজ ঠান্ডা পানিতে ধোয়া বা ফ্রিজে রেখে কাটার মতো প্রচলিত পদ্ধতিও পরীক্ষা করেছেন। তবে এগুলো খুব একটা কার্যকর প্রমাণিত হয়নি।
চোখে সুরক্ষা চশমা ব্যবহার করলে কিছুটা উপকার পাওয়া যেতে পারে। কেউ কেউ কনট্যাক্ট লেন্স ব্যবহার করলে তুলনামূলক কম পানি পড়ার অভিজ্ঞতা জানান।
পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসা স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। এটি আবেগের কান্না নয়, বরং চোখের সুরক্ষার অংশ। তবে নতুন গবেষণা বলছে, সঠিক ছুরি ব্যবহার করলেই এই অস্বস্তি অনেকটা কমানো সম্ভব।
রান্নাঘরে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য ধারালো ছুরি ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক পদ্ধতিতে কাটাকাটি করা জরুরি। ছোট একটি পরিবর্তন আপনার রান্নার অভিজ্ঞতাকে অনেক সহজ করে দিতে পারে।
সূত্র : রিডার্স ডাইজেস্ট
মন্তব্য করুন








