রাজধানীর কড়াইল বস্তিতে বড় বড় ভবন করে তাতে ছোট ছোট ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু বিএনপি চেয়ারম্যানের এ বক্তব্য নির্বাচনী প্রতিশ্রুতির লঙ্ঘন বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীক পান। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
নাসীরুদ্দীন বলেন, তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন। তিনি কড়াইল বস্তিতে ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা তিনি করতে পারেন না। এটা তো নির্বাচনী প্রতিশ্রুতির লঙ্ঘন। নির্বাচন কমিশন এ বিষয়ে নিশ্চুপ, কোনো কথা বলছে না। তাহলে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করবে? তারেক রহমানের বেলায় এক নীতি, অন্যদের বেলায় আরেক নীতি?
এ ছাড়া বিএনপির ফ্যামিলি কার্ডসহ নানা প্রতিশ্রুতির সমালোচনা করেন নাসীরুদ্দীন। বর্তমান নির্বাচন কমিশন রাকিব-হুদা কমিশনের দিকে যাচ্ছে বলেও অভিযোগ তার।
মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মিডিয়া দখল করা হয়েছে। মিডিয়া অনেক দখল করবেন, করছেন। অনেক মিডিয়া বিএনপির পক্ষে কাজ করছে।
তিনি বলেন, আমি শাপলা কলি প্রতীক পেয়েছি। দীর্ঘ লড়াইয়ের পর আমরা এই প্রতীক পেয়েছি। প্রতীক পাওয়ার ক্ষেত্রে ইসি আমাদের সঙ্গে অনেক বৈষম্য করেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জানিয়ে নাসীরুদ্দীন বলেন, ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে কাল থেকে প্রচারণা শুরু করব। ওসমান হাদির বিচারপ্রক্রিয়া শেষ হয়নি। বর্তমানে যারা প্রশাসনে রয়েছেন, তাদের বলব, ওসমান হাদির বিচার করুন।
তার নির্বাচনী এজেন্ডা জানিয়ে বলেন, আমার যে নির্বাচনী এজেন্ডা, সেখানে ওসমান হাদির বিচার চাওয়া থাকবে। এ ছাড়া চাঁদাবাজি ও দখলদারের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন








