ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট থেকে তার প্রচারণা শুরু হবে। সেখান থেকে ফেরার পথে বেশ কয়েকটি জেলায় পথসভায় অংশ নেবেন তিনি।
বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
তিনি আরও বলেন, ‘সিলেট সফরের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফরের পরিকল্পনা আছে। তবে সেটি সিলেট থেকে আসার পর সবিস্তারে জানানো হবে।’
এ সময় বিদ্রোহী প্রার্থীরা যদি আলাপ-আলোচনার পরও নির্বাচনের মাঠে থেকে যান, তাহলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের মাঠে বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে, তাদের নিয়ে দলের পরিকল্পনা কী? এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এখনো নির্বাচন পরিচালনা কমিটি থেকে তাদের সঙ্গে আলোচনা চলছে। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। বিএনপির শীর্ষ পর্যায় থেকেও এসব প্রার্থীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। তারপরও যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচি সম্পর্কে মাহদী আমিন জানান, ঘোষিত তফসিল মোতাবেক বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানে করে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান।
এরপর দুপুরে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সমাবেশে অংশ নেবেন তিনি।
দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে তিনি নরসিংদী পৌর পার্ক–সংলগ্ন সমাবেশে অংশ নিয়ে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার বা রূপগঞ্জ গাউছিয়া এলাকায় আরেকটি সমাবেশে যোগ দেবেন।
ছয়টি জেলায় নির্বাচনী প্রচার চালিয়ে বৃহস্পতিবার রাতেই বিএনপির চেয়ারম্যান ঢাকায় ফিরবেন।
সিলেট সফরে তারেক রহমানের সফরসঙ্গী হবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কিছু ত্যাগী সংগ্রামী তরুণ নেতারা।
এদিকে আজ রাত ১২টা ১ মিনিটে বিএনপির নির্বাচনী থিম সং উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এক প্রশ্নের জবাবে মুখপাত্র মাহদী আমিন বলেন, 'আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা বিশ্বাস করি যদি সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থে মূল্যায়িত হয়, তাহলে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে।'
মন্তব্য করুন








