আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে টানটান উত্তেজনার মধ্যেও আপাতত এখন সুনশান নীরবতা। পাকিস্তান সরকার ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার তিন দিন পেরিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—কেউই এখনো আনুষ্ঠানিক কোনো নতুন সিদ্ধান্তে যায়নি। তিন পক্ষই যেন আপাতত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ কৌশলেই এগোচ্ছে।
ক্রিকেট অঙ্গনের অনেকেরই ধারণা, পাকিস্তানের বয়কট ঘোষণাই শেষ কথা নাও হতে পারে। অতীতেও শেষ মুহূর্তে অবস্থান বদলের নজির রয়েছে, বিশেষ করে গত এশিয়া কাপের সময় এমন অনিশ্চয়তা দেখা গিয়েছিল। তবে সরকারি পর্যায় থেকে সিদ্ধান্ত আসায় বিষয়টিকে একেবারে হালকাভাবে দেখার সুযোগও নেই। আইসিসির বোর্ড ও সদস্য দেশগুলো এ ধরনের অনুপস্থিতিকে সহজভাবে নেবে না বলেই ধারণা করা হচ্ছে। যদিও সম্ভাব্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা ম্যাচের আগেই নয়, বরং পরে আসতে পারে।
এদিকে দুই দেশের মধ্যে ‘ব্যাক–চ্যানেল’ যোগাযোগ চলছে—এমন গুঞ্জন শোনা গেলেও তার কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। পাকিস্তানের কিছু গণমাধ্যমে দাবি করা হয়, আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও সংস্থার প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা মুম্বাই গিয়ে বিশ্বকাপের সম্প্রচারস্বত্বধারী জিওস্টারের মালিক মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করেছেন। তবে বাস্তবে বিষয়টি ভিন্ন।
জানা গেছে, জয় শাহ ও সঞ্জোগ গুপ্তা গত কয়েক দিন ধরেই ইতালির মিলানে অবস্থান করছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৪৫তম অধিবেশনে অংশ নিতে। সেখানে অলিম্পিকভুক্ত বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন তারা। পাশাপাশি ইউরোপের কয়েকটি অ্যাসোসিয়েট ক্রিকেট বোর্ড—সুইডেন, জার্মানি ও জার্সির প্রতিনিধিদের সঙ্গেও উন্নয়নমূলক আলোচনা হয়েছে।
সুইডিশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তারিক জুভাক এক প্রতিক্রিয়ায় বলেন, আইসিসি নেতৃত্ব ইউরোপে ক্রিকেটের সম্ভাবনা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের ওপর জোর দিয়েছে। উদীয়মান দেশগুলোর জন্য কাঠামোগত বিকাশ ও টেকসই পরিকল্পনার গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নতুন বাজারে ক্রিকেট ছড়িয়ে দিতে উদ্ভাবনী ফরম্যাট ও কাঠামো পরীক্ষার কথাও জানিয়েছেন আইসিসি প্রধান নির্বাহী।
সব মিলিয়ে ভারত–পাকিস্তান ম্যাচ ইস্যুতে আপাতত নীরবতা বজায় থাকলেও অন্দরে কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা থেমে নেই। ঝড়ের আগের এই শান্ত পরিবেশ যে কোনো সময় বদলে যেতে পারে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
সূত্র : ক্রিকবাজ
মন্তব্য করুন








