ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইগুলোর একটি ভারত ও পাকিস্তানের মুখোমুখি দ্বৈরথ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তবে ম্যাচের আগেই আলোচনায় উঠে এসেছে আবহাওয়ার পূর্বাভাস, যেখানে বৃষ্টির সম্ভাবনা বড় হয়ে দাঁড়াতে পারে।
স্থানীয় সময় বিকেল ৪-৫টার মধ্যে স্টেডিয়াম এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বিকেল ৪টায় তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হবে। আকাশে মেঘের পরিমাণ প্রায় ৯৪ শতাংশ থাকবে। ঘণ্টাখানেকের মধ্যে বৃষ্টির পরিমাণ বেড়ে ২.৫ মিলিমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনাও আছে।
সন্ধ্যা ৭টা থেকে ৮টার ম্যাচ উইন্ডোতেও আকাশ মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করলেও আর্দ্রতা প্রায় ৮০ শতাংশের কাছাকাছি থাকবে, ফলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৩-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ফাস্ট বোলারদের কিছুটা সুবিধা দিতে পারে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় রাতের দিকে শিশির বড় ভূমিকা রাখতে পারে, যা বোলারদের গ্রিপ ও ফিল্ডিংয়ে প্রভাব ফেলতে পারে।
দুই দলই এখন পর্যন্ত গ্রুপ পর্বে অপরাজিত রয়েছে। পাকিস্তান তাদের আগের দুই ম্যাচে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়েছে, আর ভারত জয় পেয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে। পরিসংখ্যানের দিক থেকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এগিয়ে—১৬ ম্যাচে ১৩ জয় তাদের, পাকিস্তানের জয় তিনটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও ভারতের প্রাধান্য স্পষ্ট; আট দেখায় ছয় জয় ভারতের, পাকিস্তানের একটি, আর একটি ম্যাচ পরিত্যক্ত।
সব মিলিয়ে, মাঠের লড়াইয়ের পাশাপাশি আবহাওয়াও হয়ে উঠতে পারে এই বহুল প্রতীক্ষিত ম্যাচের গুরুত্বপূর্ণ নিয়ামক। বৃষ্টি ও শিশিরের সম্ভাবনা কৌশল নির্ধারণে দুই দলের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মন্তব্য করুন








