ক্যারিবীয় দ্বীপ গায়ানায় অনুষ্ঠিতব্য এক মিলিয়ন ডলার প্রাইজমানির গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টির আগামী আসরে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের টিম ডিরেক্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখছেদুল কামাল বাবু। আগামী ২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পাঁচ দল নিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা এই প্রতিযোগিতা।
জিএসএলের প্রথম দুই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল রংপুর রাইডার্স। তবে সর্বশেষ বিপিএলে এলিমিনেটর থেকেই বিদায় নেওয়ায় এবার তাদের খেলার সুযোগ নেই। ফলে চ্যাম্পিয়ন দল হিসেবে আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী ওয়ারিয়র্স।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি বন্ধ হয়ে যাওয়ার পর বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেই শূন্যতা পূরণে গায়ানার উদ্যোগে শুরু হয় গ্লোবাল সুপার লিগ। ২০২৪ সালে আয়োজিত প্রথম আসরে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল অংশ না নেওয়ায় সুযোগ পায় রংপুর, আর উদ্বোধনী মৌসুমেই শিরোপা জিতে নেয় তারা। পরের মৌসুমে ফাইনালেও খেলেছিল রংপুর, যদিও শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।
এবার সেই জায়গায় নাম লিখিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে অভিষেক মৌসুমেই শিরোপা জিতে আলোচনায় আসে নাবিল গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলে ছিলেন মুশফিকুর রহিম, জিমি নিশাম, কেন উইলিয়ামসন ও তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটাররা। ঘরোয়া সাফল্যের ধারাবাহিকতায় এবার বৈশ্বিক মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে দলটি।
এর আগে রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকারও জানিয়েছিলেন, টুর্নামেন্ট সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া চলছে এবং অংশগ্রহণের আনুষ্ঠানিক বিষয়গুলো দ্রুত চূড়ান্ত হবে। মালিকপক্ষও আন্তর্জাতিক আসরে দলকে দেখতে আগ্রহী বলে জানান তিনি।
গ্লোবাল সুপার লিগের প্রথম আসর হয়েছিল ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে, দ্বিতীয় মৌসুম মাঠে গড়ায় পরের বছরের জুন-জুলাইয়ে।
মন্তব্য করুন








