টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে বড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার পাল্লেকেলেতে অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে স্কোয়াডে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথকে।
৩৬ বছর বয়সী স্মিথ মূল স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে শ্রীলঙ্কায় ছিলেন বিকল্প হিসেবে। অধিনায়ক মিচেল মার্শ গত সপ্তাহে কুঁচকিতে আঘাত পেয়ে জটিল শারীরিক সমস্যায় পড়ার পর থেকেই তাকে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত স্মিথকে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করা হয়। তিনি বোলার জশ হ্যাজলউডের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন। টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান হ্যাজলউড, তবে তখন তাকে বদলি করা হয়নি।
অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইড জানান, মার্শের পাশাপাশি মার্কাস স্টয়নিসের ফিটনেস নিয়েও কিছুটা অনিশ্চয়তা থাকায় স্মিথকে সক্রিয় স্কোয়াডে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে প্রয়োজন হলে তাকে ম্যাচে নামানো যায়।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে স্মিথের গড় ২৪.৮৬ এবং স্ট্রাইক রেট ১২৫.৪৫। যদিও ২০২৪ সালের ফেব্রুয়ারির পর জাতীয় দলের হয়ে এই সংস্করণে আর খেলেননি তিনি। তবে চলতি বছরের জানুয়ারিতে অ্যাশেজ শেষে বিগ ব্যাশ লিগে ছয় ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতক হাঁকিয়ে নিজের ফর্মের জানান দেন এই ডানহাতি ব্যাটার। সে পারফরম্যান্সের পর থেকেই তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার দাবি উঠেছিল।
চলতি আসরে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ব্যাটিং পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক নয়। উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারালেও জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরে চাপে পড়ে দলটি। এর আগে বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে পাকিস্তানের কাছেও ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অজিরা।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য কার্যত বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে হারলে এবং জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডকে হারায়, তবে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে। এমন পরিস্থিতিতে শেষ দুটি ম্যাচ জয়ের পাশাপাশি নেট রান রেটের হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।
মন্তব্য করুন








