দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে এখন স্কটল্যান্ডই বাংলাদেশের জায়গায় অংশ নেবে।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্দিষ্ট সময় দিয়েছিল আইসিসি। তবে সেই সময়ের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্মতি না আসায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।
নতুন সূচি অনুযায়ী, স্কটল্যান্ড গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের স্থলাভিষিক্ত হবে। স্কটিশ দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির সঙ্গে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি ক্রিকবাজ। তবে তারা জানিয়েছে, দুবাইয়ে আইসিসির সদরদপ্তর ও এডিনবরার মধ্যে ইতোমধ্যেই আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে।
ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার ফলেই শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য এই পরিণতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবার আর দেখা যাবে না বাংলাদেশকে।
মন্তব্য করুন








