বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে অভিজ্ঞ এই অলরাউন্ডারের জন্য ফেরার দরজা খুলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত বিসিবির জরুরি সভা শেষে বোর্ড জানায়, সাকিবকে ভবিষ্যতের সিরিজগুলোর জন্য জাতীয় দলের নির্বাচনের আওতায় রাখা হবে। তার ফিটনেস ও খেলার জন্য প্রস্তুতির ভিত্তিতেই নির্বাচকরা তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারবেন।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, দেশে কিংবা বিদেশে অনুষ্ঠিত যেসব সিরিজে সাকিব শারীরিকভাবে খেলতে প্রস্তুত থাকবেন, সেসব ম্যাচে তাকে বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ পুরোপুরি ফিট থাকলে আসন্ন হোম ও অ্যাওয়ে সিরিজগুলোতে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে।
এ ছাড়া সাকিবকে নতুন করে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও দিয়েছে বিসিবি, যা তার প্রতি বোর্ডের আস্থারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে তার চলমান আইনি বিষয়গুলো নিয়েও সরকারিভাবে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘বোর্ড সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সাকিব আল হাসানকে তার অ্যাভেইলেবিলিটি ও ফিটনেসের ভিত্তিতে জাতীয় দলে নির্বাচনের জন্য বিবেচনায় রাখা হবে।’
সব মিলিয়ে, জাতীয় দলে সাকিবের ফেরার সম্ভাবনা নতুন করে আলোচনায় এসেছে। এখন ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে—কবে আবার মাঠে দেখা যাবে বাংলাদেশের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।
মন্তব্য করুন








