টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আইনি লড়াইয়ের গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত সে পথে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চূড়ান্ত সিদ্ধান্তের পর বোর্ড স্পষ্ট করেছে, এই বিষয়ে কোনো সালিশি বা আইনি প্রক্রিয়ায় তারা যাবে না।
ভারতে নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাব আইসিসি বোর্ডে ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে নাকচ হয়। এরপর নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ তাদের অবস্থান জানালেও শেষ পর্যন্ত শনিবার আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়।
এই ঘোষণার সময়ই মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা চলছিল। সেখানেই বোর্ড সিদ্ধান্ত নেয়, আইসিসির রায়ের বিরুদ্ধে কোনো ধরনের আইনি বা সালিশি উদ্যোগ নেওয়া হবে না।
সভা শেষে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, বিষয়টি এখানেই শেষ বলে বিবেচনা করছে বোর্ড। তিনি বলেন, ‘আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। যেহেতু তারা জানিয়েছে যে আমাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানো হবে না, সে ক্ষেত্রে আমরা এই সূচি অনুযায়ী ভারতে গিয়ে খেলতে পারছি না। এই বিষয়ে আমরা আর কোনো আলাদা আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় যাচ্ছি না।’
এর আগে বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, নিরাপত্তা বিবেচনায় ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের। বিসিবি ও খেলোয়াড়রা সরকারের সেই সিদ্ধান্ত মেনেই অবস্থান নিয়েছেন।
আমজাদ হোসেন আরও বলেন, ‘আইসিসি বোর্ড সভার পর সরকারের ক্যাবিনেট বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, সূচি পরিবর্তন না হলে বাংলাদেশের দল ভারতে গিয়ে অংশ নিতে পারবে না। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা আইসিসিকে জানিয়ে দিয়েছি যে, বর্তমান ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব নয়।’
সব মিলিয়ে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরও আইসিসির সঙ্গে নতুন কোনো আইনি সংঘাতে না গিয়ে বিষয়টি এখানেই শেষ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মন্তব্য করুন








