ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। এই ইস্যুতে এবার প্রকাশ্যে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার (১৯৮৩ বিশ্বকাপজয়ী) মদন লাল। তিনি আইসিসির কঠোর অবস্থানকে সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মদন লালের অভিযোগ, পাকিস্তানের প্রভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং সেই চাপের ফলেই তারা শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মদন লাল বলেন, ‘আইসিসি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশই। স্কটল্যান্ডের জন্য এটি বড় সুযোগ, তারা আন্তর্জাতিক মঞ্চে আরও অভিজ্ঞতা অর্জন করবে। কিন্তু বাংলাদেশের জন্য এটি বড় ধরনের ভুল।’
এর আগে, সপ্তাহের শুরুতে মদন লাল দাবি করেছিলেন, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর পাকিস্তান বিষয়টিকে উসকে দেয় এবং বাংলাদেশকে আরও কঠোর অবস্থান নিতে উৎসাহিত করে।
তার ভাষায়, ‘এটা একেবারেই বোকামি। ভারত এতে কিছু হারাবে না, কিন্তু বাংলাদেশ বাণিজ্যিক ও ক্রিকেটীয় দিক থেকে বড় ক্ষতির মুখে পড়বে। আমার মনে হয় পাকিস্তানই বাংলাদেশকে এই সিদ্ধান্তে প্ররোচিত করেছে। তারা শুধু ভারতকে চাপের মুখে ফেলতে চেয়েছে।’
নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছিল। এমনকি আয়ারল্যান্ডের সঙ্গে ভেন্যু অদলবদলের প্রস্তাবও দেওয়া হয়। তবে আইসিসি বোর্ডে সেই প্রস্তাব ভোটাভুটিতে বাতিল হয়ে যায়। পরে বিসিবির পক্ষ থেকে বিষয়টি আইসিসির ডিসপিউট রেজোল্যুশন কমিটিতেও তোলা হয়, কিন্তু সেখান থেকেও কোনো ইতিবাচক ফল আসেনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে নানা ধরনের তথ্য সামনে আসছে। কোথাও বলা হচ্ছে, পিসিবি আইসিসিকে ই-মেইল করে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। আবার কিছু সূত্রের দাবি, বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছে।
তবে মদন লালের মতে, এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটাই হয়েছে ক্রিকেটীয় ও আর্থিক দিক থেকে, যার প্রভাব দীর্ঘমেয়াদে অনুভূত হবে।
মন্তব্য করুন








