বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর থেকেই আলোচনায় পাকিস্তান। দেশটি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে তাদের হাই-প্রোফাইল গ্রুপ-পর্বের ম্যাচ বয়কট করতে পারে। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিও বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন।
সোমবার (২৬ জানুয়ারি) সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ-পর্বের ম্যাচ বয়কট করার কথা ভাবছে পাকিস্তান। আইসিসি হঠাৎ করে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় বিষয়টি নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যেই এই খবর ক্রীড়া অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান-ভারত ম্যাচটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও লাভজনক ম্যাচগুলোর একটি।
পিসিবি সূত্র বলছে, বাংলাদেশ ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোর পর এবং খুব অল্প নোটিশে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে পাকিস্তান এই ম্যাচ বয়কটের বিষয়টি বিবেচনা করছে।
পিসিবি-সংশ্লিষ্ট সূত্র বলছে, একাধিক প্রতিক্রিয়ার বিকল্প নিয়ে ভাবছে বোর্ড। পাকিস্তান পুরো টুর্নামেন্ট বয়কট নাও করতে পারে। তবে প্রতীকী প্রতিবাদ হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। ভারতের ম্যাচ বাদ দিলে পাকিস্তান গ্রুপ-পর্বে দুটি পয়েন্ট হারাবে, কিন্তু বড় ক্ষতির মুখে পড়বে আইসিসি। কারণ পাকিস্তান-ভারত ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে লাভজনক ম্যাচগুলোর একটি।
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার পর আজ সোমবার পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি দলের সঙ্গে বৈঠক করবেন। সেখানে দলের প্রস্তুতি ও টুর্নামেন্ট ঘিরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তিনি বলেছেন, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ফেডারেল সরকারের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। নকভি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এখন দেশে নেই। তিনি ফিরে এলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আইসিসির তীব্র সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে। অন্য ক্ষেত্রে হাইব্রিড ব্যবস্থা করা হলে বাংলাদেশের ক্ষেত্রেও একই ব্যবস্থা করা যেত। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘একটি দেশ অন্য দেশকে নির্দেশ দিতে পারে না’।
মন্তব্য করুন








