রাজধানী মস্কোতে এক রুশ জেনারেলকে হত্যাচেষ্টায় পর পর গুলিবর্ষণ করা হয়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থল ত্যাগ করেন হামলাকারী। গুলিবিদ্ধ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেকসেয়েভকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মস্কোর ভোলোকোলামস্কয় হাইওয়ের একটি আবাসিক ভবনে হামলার শিকার হন এই রুশ কর্মকর্তা।
বিবিসি জানিয়েছে, গুলিবিদ্ধ আলেকসেয়েভ রাশিয়ার সামরিক জেনারেল স্টাফের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের (জিআরইউ) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর মস্কোতে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম।
তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
গত বছর মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনের বরাতে সিএনএন জানিয়েছে, আলেকসেয়েভ জিআরইউর প্রথম উপ-প্রধান। তার ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বলছে, তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে। জেনারেলকে হত্যাচেষ্টার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে সংঘটিত নার্ভ এজেন্ট হামলায় জিআরইউর জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পর আলেকসেয়েভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন।
এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে মস্কোয় গাড়ি বিস্ফোরণে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভের নিহত হন। এপ্রিল মাসে মস্কোর কাছে জেনারেল স্টাফের উপ-প্রধান জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিক গাড়ি বিস্ফোরণে নিহত হন।
মন্তব্য করুন








