সরকারবিরোধী আন্দোলনের মধ্যে ইরানের ওপর চড়াও হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উদ্দেশে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতে আবারও মার্কিন হামলার আশঙ্কা ঘনীভূত হয়। সম্ভাব্য এই হামলার পরিণতি কী হবে, তা জানিয়েছে রাশিয়া।
সোমবার (২৫ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যকে মারাত্মকভাবে অস্থিতিশীল করবে। তাই সব পক্ষকে সংযম দেখানোর আহ্বানও জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
এদিন দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে। উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি এবং দেখতে চাই, তারা যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক মনে করে সেগুলোর সমাধানে একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক।
এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানায়, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যেই তা সম্পন্ন হয়ে থাকতে পারে।
তবে রাশিয়া এর আগেও সতর্ক করে বলেছে, ইরানের ওপর যে কোনো হামলা এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে। পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগের আহ্বানও জানিয়েছে মস্কো।
মন্তব্য করুন








