যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের তদন্ত সম্পর্কিত ৩০ লাখের বেশি নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। এর মধ্যে ২ হাজারের বেশি ভিডিও ও ১ লাখ ৮০ হাজার ছবি রয়েছে। এটাই এপস্টাইন সংক্রান্ত এখন পর্যন্ত সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা। এসব নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শত শত বার।
এ ছাড়াও নাম এসেছে ধনকুবের ইলন মাস্ক, বিল ক্লিন্টন থেকে স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসন থেকে ল্যারি পেজ। নথিতে নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। খবর বিবিসির।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইমেইল নথিতে যেখানে মোদির নাম এসেছে সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে। সে সময় মোদি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এপস্টাইনের কাছে পরামর্শ চেয়েছিলেন। ইমেইলে এপস্টাইন নিজেই এসব তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টাইন বলেছেন, মোদিকে তিনি ইসরায়েল সফরের পরামর্শ দেন। এতে ট্রাম্প খুশি হবেন বলে জানান তিনি। তার পরামর্শেই মোদি ২০১৭ সালে ইসরায়েলে যান বলে দাবি এপস্টাইনের। সেখানে গিয়ে মোদি নাচ-গান করেন।
ইমেইলে এপস্টাইন বলেছেন, ‘মোদি তার পরামর্শ নেন এবং ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে নাচ-গান করেন।’

মোদিকে নিয়ে এসব নথি প্রকাশ হওয়ার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা, সমালোচনা ও জল্পনা শুরু হয়েছে।
তবে এসব তথ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’। তিনি দাবি করেছেন, এর বিশ্বাসযোগ্যতা নেই। এগুলো সরাসরি প্রত্যাখ্যান করা উচিত।
মন্তব্য করুন








