গাজা পুনর্গঠন ও বিশ্বব্যাপী সংঘাত সমাধানের জন্য তৈরি ‘শান্তি বোর্ডে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ঘোষিত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় গণহত্যার অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। খবর আল-জাজিরার।
বুধবার (২১ জানুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি বোর্ডে’ যোগ দেবেন নেতানিয়াহু। যদিও এর আগে তার দপ্তর ‘শান্তি বোর্ড’-এর নির্বাহী কমিটি নিয়ে সমালোচনা করেছিল। কারণ, ওই কমিটিতে ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্কও রয়েছে।
গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধের অবসান ঘটাতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে ‘শান্তি বোর্ড’-এর প্রস্তাব দেন ট্রাম্প। ‘শান্তি বোর্ডে’ যোগদানের জন্য বিশ্বের ৬০ জন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, সংস্থাটি উপত্যকাটিতে ‘শাসন সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সম্পর্ক, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ পরিসরে তহবিল সংগ্রহ এবং মূলধন সংগ্রহ’ তত্ত্বাবধান করবে।
এদিকে, গাজায় মানবতাবিরোধী অপরাধ তদারকির অভিযোগে ২০২৩ সালে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এ অবস্থায় এই বোর্ডে তার থাকা নিয়ে ‘শান্তি বোর্ড’-এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে, ট্রাম্প এই বোর্ডের গঠন ও নেতৃত্ব নিজের নিয়ন্ত্রণে রাখছেন বলে এসব উদ্বেগ আরও বেড়েছে।
আল-জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম জানান, ফিলিস্তিনিদের অনেকেই মনে করেন গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে যাওয়ার পথে নেতানিয়াহুই সবচেয়ে বড় বাধা।
মন্তব্য করুন








