ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কাপাসিয়ার বিদায়ী এসিল্যান্ড নাহিদুল হককে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা ‎
কাপাসিয়ায় মরুর ফল, সাম্মাম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন কামরুজ্জামানের
কাপাসিয়ায় ৪০ কেজি গাঁজাসহ একজন আটক
কাপাসিয়ায় ৪০ কেজি গাঁজাসহ একজন আটক
গাজীপুরের কাপাসিয়ায় ৪০ কেজি গাঁজাসহ ইসমাইল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) টোক তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় টোক তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মাইন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই রফিক ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। এ সময় ইসমাইলের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আটক ইসমাইল মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন কি না, মাদকের চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। অভিযানের বিষয়ে টোক তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মাইন উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫
কাপাসিয়ায় পাবুর জনকল্যাণ সংঘের উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ কাজ উদ্বোধন
কাপাসিয়ায় পাবুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় বিদায় সংবর্ধনা, নতুন কর্মকর্তার যোগদান
কাপাসিয়ায় জাতীয় কবি কাজী নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গাজীপুরের কাপাসিয়ায় ''নজরুল বর্ষ ২০২৬-২৭'' উপলক্ষ্যে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, হরিমঞ্জুরী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ। জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ছাত্র-ছাত্রীদের মাঝে সৃজনশীল বিকাশ ও প্রতিভা অন্বেষণ, জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার উপর গুরুত্ব দিয়ে নজরুল বর্ষ পালিত হচ্ছে। প্রধান অতিথির উদ্বোধনীর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা পাঠ ও চল্ চল্ চল্, দুর্গম গিরি কান্তার মরু ও একি অপরুপ রূপে মা তোমার, গানগুলো পরিবেশন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মে ২০২৬ থেকে আগামী ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কালকে 'নজরুল বর্ষ ২০২৬-২৭' আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ক্যালেন্ডার ও নির্দেশনা অনুযায়ী বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ও অগ্রগতি প্রতিবেদন প্রেরণের কার্যক্রম চলছে। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমের জন্য প্রকাশিত সূচি অনুযায়ী ৩১ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় উপজেলা পর্যায়ে নজরুলের সৃষ্টি ও আদর্শ তুলে ধরতে সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কাপাসিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র, ক্রেস্ট ও প্রণোদনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে সদরে অবস্থিত মডিউল কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো: সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।  সংগঠনের সাধারণ সম্পাদক মো: বাহাউদ্দিনের পরিচালনায় উদ্বোধক হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরী, জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও ভাকোয়াদী কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক শারমিন সুলতানা প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, মেধার স্বীকৃতি হলো শিক্ষার্থীদের ভালো ফলাফল, প্রতিভা ও অর্জনকে সম্মান জানানোর একটি কার্যকর মাধ্যম, যা তাদের ভবিষ্যতে আরও ভালো করতে উৎসাহ জোগায়। সম্মাননা পেলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনযোগী হয়। সহপাঠীদের সাফল্য দেখে অন্যরাও ভালো করার তাগিদ অনুভব করে। ক্রেস্ট, সনদ বা আর্থিক সহায়তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ চলার পথকে সহজ করে। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। মেধাবীরাই একসময় দেশ, জাতী ও সমাজের দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজনের মাধ্যমে এই মেধার মূল্যায়ন ও স্বীকৃতি দেয়া খুবই জরুরি।

কাপাসিয়ায় শ্রেণিকক্ষে শিক্ষার্থী অসুস্থ, আতঙ্কে শিক্ষক ও শিক্ষার্থী

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ররেন্দ্র উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  পাঠানো হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের প্রথম ঘণ্টার শেষের দিকে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান জানান, ক্লাস চলাকালীন হঠাৎ উমাইমা, আহসান ও মিনহাজসহ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দিলে দ্রুত টোক উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম জানান, ষষ্ঠ শ্রেণির চারজন শিক্ষার্থী ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি ও মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। পরে টোক উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি অভিভাবকদের জানানো হলে দুইজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে, ঘটনাটি নিয়ে নানা ধরনের আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হলে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি দল বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষ পরিদর্শন করে প্রাথমিক তদন্ত চালায়। টোক উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা আজহার উদ্দীন জানান, বমি ও মাথা ঘোরার সমস্যাজনিত কারণে চার শিক্ষার্থীকে সেখানে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সামাউল হোসেন রিফাত জানান, তিনজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট শ্রেণিকক্ষ পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে কোনো ধরনের বিষাক্ত গ্যাস বা ক্ষতিকর পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাপাসিয়ায় ১০৬ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য, ৫৭টিতে ভারপ্রাপ্ত, ৪৯টিতে চলতি দায়িত্বে চলছে কার্যক্রম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ১৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের ১০৬টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৪৯টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মধ্য থেকে চলতি দায়িত্ব এবং ৫৭টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন শূন্য থাকায় বিদ্যালয় পরিচালনায় বাড়তি চাপের মুখে পড়েছেন শিক্ষকরা। নিয়মিত পাঠদানের পাশাপাশি অনেক শিক্ষককে প্রধান শিক্ষকের দাপ্তরিক ও প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কাপাসিয়ায় মোট ১৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে ১০৬টিতে নিয়মিত প্রধান শিক্ষক নেই। এর মধ্যে ৪৯টিতে সহকারী শিক্ষকরা চলতি দায়িত্ব পালন করছেন এবং ৫৭টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, দাপ্তরিক কাজ ও একাডেমিক নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে প্রধান শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু পদ শূন্য থাকায় এসব দায়িত্ব অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদেরই সামলাতে হচ্ছে। ডাওড়া জেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মো. নজরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান করতে হয়। একই সঙ্গে দাপ্তরিক ও প্রশাসনিক কাজও করতে হয়। এতে দায়িত্বের চাপ বেড়ে যায়। দ্রুত শূন্য পদগুলোতে নিয়মিত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, কাপাসিয়া উপজেলায় প্রধান শিক্ষকের ১০৬টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে ৪৯টি বিদ্যালয়ে চলতি দায়িত্ব এবং ৫৭টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন। শূন্য পদ পূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পদগুলো পূরণ হলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।” সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা কার্যকর রাখতে প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক থাকা জরুরি। দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো দ্রুত পূরণ করা হলে শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ কমার পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও গতি ফিরবে।

কাপাসিয়ায় মুখে কালো কাপড় বেঁধে নিখোঁজ অনন্তের সন্ধানে মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়ায় মুখে কালো কাপড় বেঁধে নিখোঁজ স্কুলছাত্র তাফসিরুল ইসলাম অনন্তকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের বীর উজলী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বীর উজলী মডেল একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিখোঁজ অনন্তকে দ্রুত জীবিত ও অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অনন্তের সন্ধানের দাবি জানান। তাদের দাবি, নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও এখনো অনন্তের কোনো সন্ধান না মেলায় পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বক্তারা বলেন, একটি স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা কোনোভাবেই সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। অনন্ত কোথায় আছে, কী অবস্থায় আছে—এ নিয়ে প্রতিটি মুহূর্তে তার পরিবারের সদস্যরা উদ্বেগে দিন কাটাচ্ছেন। দ্রুত তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা প্রয়োজন। তারা আরও বলেন, অনন্তকে উদ্ধারের জন্য প্রয়োজন হলে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্যসহ সব ধরনের প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করতে হবে। একই সঙ্গে নিখোঁজের ঘটনার রহস্য উদঘাটন করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। উল্লেখ্য, বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র তাফসিরুল ইসলাম অনন্ত নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগে তাকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা। নিখোঁজ অনন্তের সন্ধান না মেলায় পুরো এলাকায় উদ্বেগ বাড়ছে। পরিবারের সদস্যদের একটাই দাবি—অনন্তকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

কাপাসিয়ায় পাবুর উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ায় পাবুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পাবুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হেকিম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন: বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ শাকিল হাসান, সাবেক সদস্য মোঃ আলী আকবর, সাবেক সদস্য মোঃ খোরশেদ আলম, সাবেক সদস্য শাকিলা আক্তার, সহকারী শিক্ষক রায়হান উদ্দিন, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন পরিবারের পক্ষ থেকে দুটি ফুটবল উপহার দেন বাংলাদেশ বুলেটিন কাপাসিয়া প্রতিনিধি মোঃ শাকিল হাসান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

আরও
X